সাপ্তাহিক ছুটির দিনে রাঙ্গামাটিতে পর্যটকের ভিড়
রাঙামাটি প্রতিনিধি :
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। জেলার দর্শনীয় স্পটগুলোতে দিনভর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে চাঙ্গা হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য।
শীতের মাঝা মাঝি সময়ে শীতের তীব্রতা না থাকায় প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ বান্ধব। তাই হ্রদ পাহাড়ের দেশ খ্যাত দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে ছুটে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক। জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ। উঁচু-নিচু সবুজ পাহাড়, পাহাড়ি ঝিরি, ঝরনা, নৃ- গোষ্ঠীদের বৈচিত্র্যময় জীবন ধারা আর বন বনানীতে ঘেরা পুরো জেলা প্রকৃতির এক লীলাভুমি। যান্ত্রিক জীবনে ক্লান্তি কাটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষ প্রকৃতির কোলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কাপ্তাই হ্রদে নৌ বিহারে আনন্দে আত্মহারা হচ্ছেন অনেকেই।
ঢাকা থেকে আসা অনিল বিশ্বাস দম্পতি জানান দেশের মাঝে এত সুন্দর প্রকৃতি, মনমুগ্ধকর পরিবেশ আছে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। নোয়াখালী থেকে আসা শাহীন বলেন, সারাদিন কাপ্তাই হ্রদে ভ্রমন করে যে আনন্দ পেয়েছি বলে বোঝানোর মত নয়। তবে জেলায় আরো পর্যটন স্পট এবং পর্যটক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান তিনি।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থপক অলক বিকাশ জানান রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ ভালো থাকায় পর্যটকের উপস্থিতি বাড়ছে।
রাঙ্গামাটিতে রয়েছে পর্যটনের ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, ঘাগড়া ঝর্ণা, পুলিশ পলওয়েল পার্ক, সেনাবাহিনী পরিচালিত আরণ্যক রিসোর্ট, সাজেক ভ্যালি, কাপ্তাই-আসামবস্তি সড়ক সহ আর বেশ কিছু সরকারি বেসরকারি পর্যটন কেন্দ্র। শীত মৌসুমকে সামনে রেখে সাজিয়ে রাখা হয়েছিল এসব পর্যটন কেন্দ্র।