বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালিত
স্টাফ রিপোর্টার
রাঙামাটির কাউখালি উপজেলাধীন বেতবুনিয়ায় অবস্থিত বেণুবন উত্তমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে কঠিন চীবর দানোৎসব।
মঙলবার দুপুরে বিহার প্রাঙনে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সোনাইছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দাবাসা মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিষয়ক পরিচালক মোঃ মোবারক হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল বড়ুয়া মিলন। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি সাধারণ সম্পাদক জুই চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সহ সভাপতি পাইচিং মং মারমা।
কঠিন চীবর দানোৎসবে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গজালিয়া জোতিবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথেরো, বিশেষ সদ্ধধর্মদেশক ছিলেন শীলছড়ি অরণ্য ভাবনা কুঠিরের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন, প্রবাসী রিপন বড়ুয়া, উদ্বোধনী বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া।
এর আগে সকাল থেকে অষ্টপরিস্কার, সংঘদান ও সদ্ধর্ম সভাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বেতাগী সার্বজনীন রত্নাকুর বিহারের অধ্যক্ষ ইদ্দিপিঞঞা মহাথেরো।
অনুষ্ঠানে এলাকার কৃতি সন্তান প্রকোশলী পবন বড়ুয়া নিশানকে সংবর্ধনা দেয়া হয়।
কঠিন চীবর দানোৎসব এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ দলে দলে অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত পুণ্যার্থীরা ভিক্ষু সংঘের উদ্দেশ্যে চীবর দান করেন। এ সময় সাধু সাধু ধনিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে।