ভোট বর্জনের আহ্বান রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতির

৫৬৫

স্টাফ রিপোর্টার :
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতি মোঃ রনি হোসেন। তিনি বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করে এ আহ্বান জানান। ১ মিনিট ৫০ সেকেন্ড এর ভিডিও বার্তায় তিনি রাঙামাটির সাধারণ জনগণ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন ভোটের দিন পরিবারকে সময় দিন।

তিনি বলেন আজ বাংলাদেশে আইনের শাসন নেই, ন্যায় বিচার নেই, বাংলাদেশের মানুষের কোন নিরাপত্তা নেই। আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া কেউ পালিয়ে বেড়াচ্ছেন কেউ মিথ্যা মামলায় আদালতে ঘুরে নিঃস্ব হচ্ছেন।

তিনি বলেন এটা নির্বাচন নয় এটা প্রহসন। এটা ভোট নয় এটা অবৈধ লুটপাট ও নির্যাতনকে বৈধতা দেওয়ার চেষ্টা। যারা বলছে ভোট দিন তারা মূলত জোর করে আপনাদেরকে বলছে তাদের নির্যাতন মেনে নিন, তাদেরকে বৈধতা দিন। এ অবস্থায় ভোট দেওয়া মানে তাদের অন্যায়কে মেনে নেওয়া, তাদের অন্যায়কে স্বীকৃতি দেওয়া।

তিনি ১২ই ফেব্রুয়ারির ভোটকে নাটক আখ্যায়িত করে বলেন “আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ১২ই ফেব্রুয়ার ভোটকে না বলুন এ নাটককে বর্জন করুন”।

মোঃ রনি হোসেন বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখার সর্বশেষ সভাপতি। ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর তিনি রাঙ্গামাটি ছেড়ে আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় রনি হোসেন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণা চালান। সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়েও তিনি বার বার আলোচনায় আসেন।

Facebook Comments Box
You might also like