দুর্নীতি বরদাশত করা হবে না- পার্বত্য মন্ত্রী
বিশেষ প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান (এমপি) বলেছেন কোন প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। দুর্নীতিবাজ যদি নিজের দলেরও হয় কোন ছাড় নেই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বিগত সরকারগুলোর সময়ে যে সকল অনিয়মের অভিযোগ আসছে সেগুলোর বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আজ বুধবার (০৪ মার্চ) রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতিকে আগ্রাধিকার দিয়ে পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করতে চাই। পর্যটন শিল্পের উন্নয়ন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র দেশীয় পর্যটকের উপর নির্ভর করলে হবে না। এখানে বিদেশি পর্যটক আনতে হবে। তবে এর জন্য নিরাপত্তা একটি বড় বিষয়। সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে এ বিষয়ে কথা বলা হবে। এসময় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে উপর গুরুত্ব দেন মন্ত্রী।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে যুগ্ন সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো সহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।