কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

৩১

বিশেষ প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সন্তান জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সহিত্যিক ও সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই কাউখালী সাংবাদিক আরিফুল হক মাহবুব। মাহামুদুল হাসান নিজামীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গুণি এই ব্যক্তির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। শোক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।

মাহমুদুল হাসান নিজামী একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ একাধিক ভাষায় তার অসাধারণ দখল ছিল। তিনি বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর প্রথম বাংলা কাব্যানুবাদ করে বিশেষ পরিচিতি লাভ করেন।

মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। এছাড়া তিনি পাঁচ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন। বাংলা সাহিত্যে বানান সংস্কার ও গবেষণার নতুন ধারা তৈরিতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।

মাহমুদুল হাসান নিজামী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায় জন্মগ্রহণ করলেও স্থায়ী ভাবে বসবাস করতেন রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা সদর এলাকায়। তিনি দেশ বরণ্য আলেম মৃত মাওলানা আব্দুল্লাহ’র বড় ছেলে ও চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতীব ইসলামী চিন্তাবিদ মাওলানা মনুসুরুল হক জিহাদীর বড় ভাই।

নিজামীর ছোটভাই আরিফুল হক মাহবুব জানান, যতদূর জানতে পেরেছি ঢাকা থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে রংপুরে যান তিনি। সেখানে হৃদরোগে আক্রান্ত হলে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি থেকে গিয়ে তার মরদেহ গ্রহণ করতে হওয়ায় অধিক সময় ব্যয় হয়েছে।

তিনি আরো জানান, মরহুম কবির প্রথম জানাযা শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমি অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে, দ্বিতীয় জানাযা রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এবং তৃতীয় জানাযা চট্টগ্রামের লালখান বাজারে অনুষ্ঠিত হবে। সবশেষ পিতা/মাতার কবরের পাশে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত করা হবে তাকে।

Facebook Comments Box
You might also like